গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালির কাছে পৃথক দুটি ঘটনায় অজ্ঞাত হামলার শিকার হয়ে দুটি পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। এই গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনার মধ্যেই এমন হামলার ঘটনা ঘটল। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘জিএফএস প্রাইড’ মঙ্গলবার প্রণালি অতিক্রমের সময় হামলার মুখে পড়ে। এতে জাহাজটিতে আগুন ধরে যায় এবং পরে তা সাগরে ডুবে যায়। তবে জাহাজের সব নাবিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ ফিরে পেতে ইরান হামলা বাড়ানোর মধ্যে জাহাজ চলাচলের ঝুঁকি আরও বেড়েছে।
সিএনএনের যাচাইকৃত ভিডিও এবং স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ডুবন্ত জাহাজটি থেকে কালো ধোঁয়া নির্গত হচ্ছে এবং পানিতে পণ্য ও তেলের স্তর ছড়িয়ে পড়ছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির দাবি, জাহাজটি অবৈধ পথে চলতে গিয়ে সমুদ্রের মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এই দাবি নিয়ে সংশয় প্রকাশ করে ড্রোন হামলার আশঙ্কা করছেন। তবে বিশেষজ্ঞরা এ দাবির বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
এদিকে আন্তর্জাতিক সমুদ্র সংস্থা (আইএমও) নিশ্চিত করেছে যে, অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘কেপ দাও’ বুধবার ডুবে গেছে। এর আগে ২৩ সেপ্টেম্বর জাহাজটি প্রথমবারের মতো অজ্ঞাত কোনো বস্তুর হামলার শিকার হয়েছিল। সেই ঘটনায় একজন ভারতীয় নাবিক প্রাণ হারান। এ ঘটনায় ভারতের একজন নাবিক নিহত হন।
আইএমওর তথ্য অনুযায়ী, চলতি বছরে হরমুজ প্রণালিতে বেশ কয়েকটি জাহাজ হামলার শিকার হলেও, ফেব্রুয়ারিতে ইরান সংঘাত শুরুর পর এটি দ্বিতীয় ও তৃতীয় জাহাজডুবির ঘটনা। মধ্যপ্রাচ্যের এই সামুদ্রিক এলাকায় একের পর এক ঘটনায় বৈশ্বিক বাণিজ্যিক জাহাজ চলাচল ও নাবিকদের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























