জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ছোটপর্দার নাটক ও ওটিটির ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকেন। সম্প্রতি তিনি নিজের একটি বিমর্ষ মুহূর্তের ছবি পোস্ট করে পরিবারের বড় ছেলেদের জীবনসংগ্রাম নিয়ে নিজের ব্যক্তিগত ভাবনা প্রকাশ করেছেন। তার এই পোস্টটি মুহূর্তেই নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। কাজের ব্যস্ততা থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব থাকেন এই তারকা। সমকালীন বিষয়সহ ব্যক্তিগত নানা ভাবনা এই মাধ্যমে ভাগ করে নেন তিনি।
তৌসিফ মাহবুবের মতে, পরিবারের বড় সন্তান হওয়ার মানে হলো নিজের ব্যক্তিগত ইচ্ছা-আকাঙ্ক্ষার আগে পরিবারের প্রয়োজনকে প্রাধান্য দেওয়া। তিনি বলেন, হাজারটা দুশ্চিন্তা থাকা সত্ত্বেও নিজের ক্লান্তি লুকিয়ে সবার ভরসা হয়ে টিকে থাকাটাই বড় ছেলেদের নিয়তি। তৌসিফ আরও উল্লেখ করেন, বড় ছেলেরা চাইলেই দায়িত্ব থেকে পালাতে পারে না, এমনকি মানসিকভাবে ভেঙে পড়লেও তাদের লড়াই চালিয়ে যেতে হয়, কারণ তাদের ওপর নির্ভর করে পুরো পরিবারের স্বপ্ন। এসব তথ্য স্মরণ করে তৌসিফ মাহবুব বলেন, “বড় ছেলেরা হারতে পারে, ভেঙে পড়তে পারে, কিন্তু দায়িত্ব থেকে পালিয়ে যাওয়ার সুযোগ তাদের নেই। নিজের ক্লান্তি লুকিয়ে সবার ভরসা হয়ে দাঁড়ানো, হাজারটা দুশ্চিন্তার মাঝেও মুখে হাসি রাখা। কারণ সে জানে, তার থেমে যাওয়া মানে আরো কয়েকটা মানুষের স্বপ্ন থেমে যাওয়া। ”।
অভিনেতার এই পোস্টটি প্রকাশের মাত্র এক ঘণ্টার মধ্যেই ১৪ হাজার রিঅ্যাক্ট এবং দেড় হাজারের বেশি মন্তব্য পড়েছে। পাঠকদের একাংশ তৌসিফের সঙ্গে একমত পোষণ করে মন্তব্য করেছেন। যেমন, সাইম খান লিখেছেন, “একদমই বাস্তব কথা ভাই।” রাকিব হোসেনের মতে, এগুলো তার মনেরই কথা।
তবে সব মন্তব্যে ঐকমত্য ছিল না। সবুজ নামের এক নেটিজেন ভাঙা হৃদয়ের ইমোজি ব্যবহার করে ছোট ছেলেদের দায়িত্বের কথা তুলে ধরেছেন। আফরিন নামের আরেকজন লিখেছেন, অনেক পরিবারেই ছোট ছেলেদের ওপর বড় দায়িত্ব থাকে, যেখানে বড় ছেলে আলাদা হয়ে যায়। নীরব নামে একজন কিছুটা ভিন্ন সুর টেনে বলেছেন, বড় ছেলেদের ঘরে অনেক সময় মা-বাবার ঠিকমতো খাবারও জুটে না। এমন নানা মিশ্র প্রতিক্রিয়ায় সরগরম হয়ে উঠেছে অভিনেতার কমেন্ট বক্স।
আকাশ নিউজ ডেস্ক 















