অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের হয়ে লড়বে পরিচালক মেজবাউর রহমান সুমনের সিনেমা ‘রইদ’৷ আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে সিনেমাটি নির্বাচিত হওয়ার খবরটি আজ রোববার ঢাকার হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে৷
এ বছর বাংলাদেশ থেকে অস্কারের জন্য পাঁচটি চলচ্চিত্র জমা পড়েছিল৷ এর মধ্যে নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ সিনেমাগুলোও আলোচনায় ছিল৷ প্রাথমিক বাছাইয়ের ধাপ পেরিয়ে সবশেষে ‘রইদ’ চলচ্চিত্রটিকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে৷
এই প্রাপ্তিতে নিজের ভালো লাগার কথা জানিয়ে নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, বিষয়টি অত্যন্ত আনন্দের। তাঁর মতে, সিনেমাটি এই অঞ্চলের নিজস্ব সংস্কৃতি ও চিন্তার ফসল। বাণিজ্যিক দিক ছাড়িয়ে চলচ্চিত্রের একাডেমিক ও নান্দনিক গুরুত্বকে তিনি সবসময় প্রাধান্য দেন, যা এই কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। সুমন আরও বলেন, বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের সিনেমা অস্কারে ধারাবাহিক প্রতিনিধিত্ব করছে, যা দেশের চলচ্চিত্র শিল্পের জন্য দারুণ সম্ভাবনার দিক। আজ দুপুরে তিনি বলেন, ‘অনুভূতিটা ভালো, আনন্দের। কারণ, এটা আমাদের গল্প, আমাদের এই অঞ্চলের গল্প। আমাদের এখানকার সংস্কৃতি ও চিন্তার ভেতর দিয়ে গল্পটা এগিয়েছে। সিনেমা শুধু বাণিজ্যিক দিক থেকে দেখার বিষয় নয়, এর একাডেমিক ও নান্দনিক দিকও আছে। “রইদ”-এর মাধ্যমে আমরা সেই অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করেছি।’। কথা প্রসঙ্গে সুমন আরও বললেন, ‘একটা সময় অস্কারে বাংলাদেশ থেকে যাওয়ার মতো ছবি সেভাবে ছিল না।
‘রইদ’ চলচ্চিত্রের গল্প গড়ে উঠেছে এক সাধু ও তাঁর স্ত্রী পাগলির সম্পর্কের গভীর ও সরল এক আখ্যান নিয়ে। নীরবতার ভাষা ও প্রেমের আবহে মানবজীবনের আদিম রূপটি এখানে ফুটে উঠেছে। সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক ও শুকর্ণ শাহেদ ধীমানের লেখা চিত্রনাট্যের এই সিনেমায় কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। অভিনেত্রী নাজিফা তুষিও এই খবরে উচ্ছ্বসিত এবং এই যাত্রা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য নতুন দুয়ার উন্মোচন করবে বলে তিনি বিশ্বাস করেন। এখন সবার লক্ষ্য অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকার দিকে। প্রেম ও নীরবতার মধ্য দিয়ে মানবজীবনের চিরন্তন এক আদিম প্রেমের গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।
সিনেমাটি নির্বাচনের জন্য দায়িত্ব পালন করেছে অস্কার বাংলাদেশ কমিটি। কমিটির চেয়ারপারসন জহিরুল ইসলামের নেতৃত্বে সাত সদস্যের এই প্যানেলে আরও ছিলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, অপি করিম, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি। তাদের চুলচেরা বিশ্লেষণ ও আলোচনার ভিত্তিতেই ‘রইদ’ চূড়ান্ত হয়।
আকাশ নিউজ ডেস্ক 














