আকাশ বিনোদন ডেস্ক :
২০১১ সালে জনপ্রিয় বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের সঙ্গে ‘রেডি’ সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছিলেন অভিনেত্রী জেরিন খান। সেই সিনেমার সুপারহিট ‘ক্যারেকটর ঢিলা হ্যায়’ গানটি বেশ জনপ্রিয়তা এনে দেয় অভিনেত্রীকে। সেই গান জনপ্রিয় হলেও বাস্তবে জেরিন খান রক্ষণশীল তা অভিনেত্রীর বক্তব্যেই স্পষ্ট, তা বলার অপেক্ষা রাখে না।
সম্প্রতি মুম্বাইয়ে নতুন বিপণিবিতানের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন অভিনেত্রী। সেখানে আলোকচিত্রীর ‘অশালীন’ আবদারে রেগে আগুন ভাইজানের নায়িকা। মেজাজ হারিয়ে কড়া জবাব দিলেন জেরিন খান।
মায়ানগরীর সিনেপাড়ায় সেলিব্রেটিরা পাপারাজ্জিদের বাড়াবাড়িতে ‘অতিষ্ঠ’— এটা এক রকম সবার জানা। সম্প্রতি এমন কয়েকটি ঘটনাও ঘটেছে— পাপারাজ্জিদের আচরণে ক্ষোভ উগরে দিয়েছেন ‘দাবাং গার্ল’ অভিনেত্রী সোনাক্ষী সিনহা। পাপারাজ্জিদের ক্যামেরার ফ্ল্যাশে নাস্তানাবুদ শাহরুখপুত্র আরিয়ানসহ উপস্থিত নিরাপত্তারক্ষীরা। এবার মুম্বাইয়ে পাপারাজ্জিদের ‘হুঁশিয়ারি’ অভিনেত্রী জেরিন খানের। সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল ‘অগ্নিশর্মা’ জেরিনের মন্তব্য।
এযাবৎকাল সিনেপর্দায় আনাগোনা না থাকলেও সাম্প্রতিক ঘটনায় চর্চায় রয়েছেন সালমানের নায়িকা জেরিন খান। পাপারাজ্জিদের সঙ্গে যে কারণে উত্তপ্ত বাক্যবিনিময় অভিনেত্রীর? সম্প্রতি মুম্বাইয়ের একটি বিপণিবিতানের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন জেরিন খান। সেখানেই অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন তিনি। নতুন বিপণিবিতানের পোশাক প্রদর্শনের সময় হঠাৎ এক পাপারাজ্জি তাকে পোশাকটি পরে দেখানোর আবদার করে বসেন। আর সে কথা শুনেই মেজাজ হারান জেরিন খান। কড়া ভাষায় ওই আলোকচিত্রীকে সতর্ক করে দেন অভিনেত্রী।
সুর চড়িয়ে ‘হুঁশিয়ারি’ দিয়ে জেরিন খান বলেন, ‘সবার সামনে পোশাক পরে দেখাব! এ ধরনের বাজে কথা ভবিষ্যতে আর কখনো আমাকে বলবেন না। শালীনতার সীমা অতিক্রম করবেন না। আমি কিন্তু এসব সহ্য করব না।’ অতঃপর সেখানে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। সামাজিক মাধ্যমে এ মুহূর্তে সেই ভিডিও একেবারে দাবানলের গতিতে ছড়িয়ে পড়ে। দ্রুতই নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে।
পেশাগত সীমা লঙ্ঘনের বিরুদ্ধে সরব হওয়ার জন্য জেরিন খানের প্রশংসায় পঞ্চমুখ সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশ। অভিনেত্রীর সমর্থনে এক নেটিজেন লিখেছেন— ‘একদম ঠিক করেছেন। জেরিনের প্রতিক্রিয়া যথাযথ।’ আরেক নেটিজেন লিখেছেন— ‘পাপারাজ্জিরা কীভাবে এ ধরনের কথা বলতে পারেন?’ জেরিনের মন্তব্যকে সাধুবাদ জানিয়ে আরেক নেটিজেন বলেছেন— ‘উনি একদম সঠিক জবাব দিয়েছেন।’
আকাশ নিউজ ডেস্ক 

























