আকাশ জাতীয় ডেস্ক:
গোপালগঞ্জে বাবাকে গলা কেটে হত্যার দায়ে ছেলে আলীম কাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এ সাজা প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১৩ মে গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ কাজীর বাজার এলাকায় নিজ বাড়ীতে মাদকসেবী আলীম কাজী বটি হাতে নিয়ে তার বাবা ইসমাইল কাজীকে গালিগালাজ করে। এসময় ইসমাইল কাজী ছেলে আলীমকে গালিগালাজ করতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে হাতে থাকা বটি দিয়ে বাবার গলায় কোপ দেয়। পরে তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের অপর ছেলে সেলিম কাজী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশের তদন্ত ও স্বাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এ সাজা প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপিস্থিত ছিলেন।
বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাভোকেট এম এম জুলকদর ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. আবু তালেব শেখ।
আকাশ নিউজ ডেস্ক 



















