আকাশ জাতীয় ডেস্ক:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রামে একটি চায়না মালিকানাধীন প্রতিষ্ঠানের শ্রমিকরা ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনশ্রমিকরা।
বুধবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে নবগ্রাম এলাকায় অবস্থিত হার্ডওয়্যার প্রতিষ্ঠানের শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন।
বিক্ষোভ চলাকালে তারা বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার-ফেস্টুন প্রদর্শন করেন।
শ্রমিকদের হাতে থাকা ব্যানারে ‘ন্যায্য বেতন দিতে হবে’ এবং ‘কোম্পানি থেকে মামুনকে অপসারণ করতে হবে’ এমন দাবিও দেখা যায়। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গেজেট অনুযায়ী ন্যায্য বেতন থেকে বঞ্চিত হওয়াসহ বিভিন্ন সমস্যার কারণে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, শ্রমিকরা ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি আরও বলেন, মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। দুপুর দুইটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আকাশ নিউজ ডেস্ক 



















