আকাশ স্পোর্টস ডেস্ক :
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আবারও এক নম্বরে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ওপেনার বেথ মুনি।
বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে ম্যাচজয়ী ইনিংস খেলে টুর্নামেন্টসেরা নির্বাচিত হন ৩২ বছর বয়সী এই ব্যাটার। সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৬ বলে অপরাজিত ৬১ রান করার পর ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৪৯ বলে ৬৪ রানের ইনিংস খেলেন তিনি। তার ব্যাটেই রেকর্ড সপ্তম শিরোপা জিতে নেয় অস্ট্রেলিয়া।
পুরো টুর্নামেন্টে ৪৭.৬০ গড়ে এবং ১৪২.৫১ স্ট্রাইক রেটে ২৩৮ রান সংগ্রহ করেন মুনি। সেই ধারাবাহিক পারফরম্যান্সই তাকে আবারও আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরিয়ে এনেছে।
এটি বেথ মুনির ক্যারিয়ারের পঞ্চমবার টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ের এক নম্বরে ওঠার কীর্তি। তার চেয়ে বেশি সময় শীর্ষস্থান ধরে রাখার রেকর্ড রয়েছে কেবল আরেক অস্ট্রেলিয়ান কিংবদন্তি কারেন রোল্টনের, তিনি চার বছরেরও বেশি সময় এক নম্বরে ছিলেন।
মুনির শীর্ষে ফেরায় দ্বিতীয় স্থানে নেমে গেছেন তারই সতীর্থ ও উদ্বোধনী জুটির সঙ্গী জর্জিয়া ভল। দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট এক ধাপ পিছিয়ে এখন তিন নম্বরে। এদিকে তিন ধাপ এগিয়ে ১১তম স্থানে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার তাজমিন ব্রিটস।
বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা এক ধাপ পিছিয়ে এখন রয়েছেন ২০তম স্থানে।
বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের শ্রী চারানি। ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার সোফি এক্লেস্টোন এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠেছেন, আর তার সতীর্থ চার্লি ডিন নেমে গেছেন তিনে। দক্ষিণ আফ্রিকার মারিজান ক্যাপ চার ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন সেরা দশে।
আর অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার। দ্বিতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু। এই তালিকায় বাংলাদেশের সেরা রাবেয়া খান রয়েছেন ৩০তম স্থানে।
আকাশ নিউজ ডেস্ক 



















