আকাশ বিনোদন ডেস্ক :
বলিউড অভিনেতা আমির খান ও তাঁর দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাট অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রায় ২৫ বছরের পরিচয় এবং দুই বছরের প্রেমের পর শনিবার (৫ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এই তারকা জুটি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে প্রয়োজনীয় নথিতে স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে বিয়ে নিবন্ধন করেছেন আমির ও গৌরী।
বিয়ের খবর নিশ্চিত হওয়ার পর আমিরের জনসংযোগ প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতির প্রথম ছবি প্রকাশ করে। ছবির ক্যাপশনে লেখা হয়, ‘ভালোবাসা, হাসি আর স্মরণীয় মুহূর্তের উদযাপন। আমির খানের বিয়ের আয়োজনে ছিল উষ্ণতা, আনন্দ এবং এক অবিস্মরণীয় উৎসবের আবহ।’
আগেই আমির জানিয়েছিলেন, এটি হবে একেবারে পারিবারিক আয়োজন। বিয়েতে উপস্থিত ছিলেন আমিরের তিন সন্তান—জুনায়েদ, ইরা ও আজাদ। গৌরীর আগের সংসারের ছয় বছর বয়সী ছেলেও অনুষ্ঠানে ছিলেন। এছাড়া দেশ-বিদেশ থেকে আসা আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে অতিথি তালিকায় ছিলেন প্রায় ১৫০ জন।
আমির ও গৌরীর প্রথম পরিচয় হয়েছিল প্রায় ২৫ বছর আগে বেঙ্গালুরুতে। পরে দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেও ২০২৩ সালে আবার তাঁদের দেখা হয়। সেই পুনর্মিলন থেকেই শুরু হয় নতুন অধ্যায়। প্রায় দুই বছর সম্পর্কে থাকার পর গত মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবার প্রকাশ্যে গৌরীর সঙ্গে সম্পর্কের কথা জানান আমির।
সেদিন তিনি বলেছিলেন, ‘গৌরী আর আমি ২৫ বছর আগে পরিচিত হয়েছিলাম। এখন আমরা একে অপরের জীবনসঙ্গী। আমাদের সম্পর্ক খুবই গভীর ও আন্তরিক।’
মজার ছলে ‘লাগান’ ছবির প্রসঙ্গ টেনে তিনি বলেছিলেন, “ভুবন অবশেষে তার গৌরীকে খুঁজে পেয়েছে।” এমনকি গৌরীর জন্য ‘কভি কভি মেরে দিল মে’ গানটিও গেয়ে শোনান অভিনেতা।
বিয়ের আগে এক অনুষ্ঠানে আমির জানিয়েছিলেন, “৫ জুলাই আমাদের জন্য খুব বিশেষ একটি দিন। তাই বাড়িতেই খুব ছোট পরিসরে বিয়ের আয়োজন করেছি। দুই পরিবারের সদস্য আর কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু থাকবেন। সবার দোয়া চাই, যেন আমাদের নতুন জীবন সুখের হয়।”
গৌরী স্প্র্যাটের বেড়ে ওঠা মূলত বেঙ্গালুরুতেই। তার মা রিটা স্প্র্যাট শহরের পরিচিত এক সেলুন ব্যবসায়ী ছিলেন। গৌরীর শিক্ষাজীবনের একটি অংশ কেটেছে ব্লু মাউন্টেন স্কুলে। পরে তিনি ইউনিভার্সিটি অব আর্টস লন্ডন থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফি বিষয়ে পড়াশোনা করেন। গৌরী স্প্র্যাট এর আগে বিয়ে করেছিলেন। সেই সংসারের সাত বছর বয়সী এক ছেলে রয়েছে।
এর আগে আমির খান দুইবার বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী রিনা দত্তর সঙ্গে তাঁর দুই সন্তান—জুনায়েদ ও ইরা। পরে নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন; তাঁদের একমাত্র ছেলে আজাদ। বিচ্ছেদের পরও কিরণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, ‘৬০ বছর বয়সে এসে ভাবিনি আবার এমন একজনকে খুঁজে পাব, যিনি আমার জীবনের সঙ্গী হতে পারেন। গৌরী আমার জীবনে শান্তি ও স্থিরতা এনে দিয়েছে। রিনা, কিরণ এবং এখন গৌরী—এই তিনজন মানুষ আমার জীবনকে গভীরভাবে সমৃদ্ধ করেছেন।’
আকাশ নিউজ ডেস্ক 

























