আকাশ নিউজ ডেস্ক:
মায়ের কোলকে বলা হয় সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়। কিন্তু যখন সেই আশ্রয়ই অনিশ্চয়তায় ভরে ওঠে, তখন ঘটে যায় মর্মান্তিক ঘটনা। হায়দরাবাদের এক আবাসিক ভবনে এমনই এক ঘটনায় প্রাণ হারিয়েছেন এক মা, আর অবিশ্বাস্যভাবে বেঁচে গেছে তার ছয় মাস বয়সী কন্যা। ঘটনাটি ঘিরে এলাকায় নেমে এসেছে গভীর শোক।
৩৭ বছর বয়সী ইশা সাহু তার ছয় মাস বয়সী কন্যা বাণীকে নিয়ে ছয়তলা ভবন থেকে লাফ দেন। ঘটনাস্থলেই মা ইশা সাহুর মৃত্যু হয়। তবে আশ্চর্যজনকভাবে বেঁচে যায় তার কন্যা।
পুলিশ জানিয়েছে, মাটিতে পড়ার আগে শিশুটি নিরাপত্তার জন্য স্থাপন করা বেড়ায় ধাক্কা খায়। এতে আঘাতের তীব্রতা কমে যায় এবং শিশুটি প্রাণে বেঁচে যায়। দ্রুত তাকে নিকটবর্তী একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, সামান্য আঘাত পেলেও সে এখন বিপদমুক্ত।
শুক্রবার বিকেলে ভারতের হায়দরাবাদের মিয়াপুর এলাকার একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। ইশা সাহু পরিবারসহ ওই কমপ্লেক্সের ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন। বিকাল ৩টা ৪৫ মিনিটে তিনি এই চরম সিদ্ধান্ত নেন। এ সময় পরিবারের অন্য সদস্যরা বাসাতেই উপস্থিত ছিলেন।
১১ বছরের দাম্পত্য জীবনে ইশা দুই কন্যা সন্তানের মা হন। বড় মেয়ে বিঁথির বয়স ৮ বছর। ইশা সাহু এবং তার স্বামী দুজনেই বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ছোট মেয়ে বাণীর জন্মের পর থেকেই ইশা তীব্র অনিদ্রা, উদ্বেগ এবং প্রসব পরবর্তী বিষণ্নতায় ভুগছিলেন। এ ঘটনায় স্থানীয় থানায় একটি মামলা হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।
মর্মান্তিক এই ঘটনায় মিয়াপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আকাশ নিউজ ডেস্ক 
























