আকাশ বিনোদন ডেস্ক :
তারকাদের কম-বেশি সবার চাওয়া থাকে পর্দায় তাঁর চরিত্রের উপস্থিতি যেন কম না হয়। পর্দায় চরিত্রের ব্যাপ্তি কম হওয়া নিয়ে অনেক অভিনেতা-অভিনেত্রীকে বিভিন্ন সময় অভিযোগ করতেও শোনা গেছে। এবার তার ব্যতিক্রম হলো দীপিকা পাড়ুকোনের বেলায়। ‘রাকা’ সিনেমায় কমিয়ে দেওয়া হলো তাঁর চরিত্রের উপস্থিতি। অথচ এ নিয়ে অভিযোগ তোলা তো দূরের কথা, বিন্দুমাত্র অখুশি নন এই বলিউড অভিনেত্রী। বরং মাতৃত্বের কারণে শুটিং সিডিউল কমে যাওয়ায় খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তিনি।
আনন্দবাজারসহ ভারতের একাধিক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, দিনে আট ঘণ্টার বেশি কাজ করবেন না দীপিকা। অভিনয়ের বিষয়ে বছরখানেক আগে এই শর্ত জুড়ে দিয়েছিলেন তিনি। এ নিয়ে বলিউডজুড়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়ে গিয়েছিল। কেউ ছিলেন দীপিকার পক্ষে, কেউ বিপক্ষে। বিষয়টি নিয়ে কম জলঘোলা হয়নি। যে কারণে একাধিক কাজ হাতছাড়া হয়েছে দীপিকার।
অন্যদিকে বড় অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব পেয়েও দীপিকা তা দূরে ঠেলে দিয়েছেন তাঁর শর্ত না মানার কারণে। তবে দক্ষিণি সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের বিপরীতে ‘রাকা’ সিনেমায় কাজ করতে সম্মতি জানিয়েছেন দীপিকা। এরই মাঝে আবার দ্বিতীয়বার মা হওয়ার সুখবরও জানিয়েছেন। এর পরেই গুঞ্জন, ‘রাকা’ সিনেমায় পর্দায় দীপিকার চরিত্রের সময় কমিয়ে দেওয়া হচ্ছে!
এমনিতেই শোনা যায় মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন না দীপিকা। অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং করবেন তিনি। তা সত্ত্বেও অভিনেত্রীর শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই নাকি ছোট করা হচ্ছে তার চরিত্র। যদিও সিনেমার নির্মাতারা বলেছেন, ‘ঠিক যেমন পরিকল্পনা করা হয়েছিল, সেই মতোই তাদের কাজ এগোচ্ছে। দীপিকা এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করছেন। সঠিক সময় সবটা প্রকাশ্যে আসবে।’
নির্মাতাসূত্রে আরও জানা গেছে, ‘রাকা’ সিনেমায় চমকপ্রদ অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে দীপিকাকে। তাঁর পাশাপাশি সিনেমায় আরও চার গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর ও ম্রুণাল ঠাকুর। ২০২৭ সালে মুক্তি পাবে এই সিনেমাটি।
এদিকে ‘রাকা’ সিনেমায় দীপিকার অভিনয় নিয়ে দর্শক-কৌতূহল চোখে পড়ছে, তেমনি সমালোচনাও শোনা যাচ্ছে এই অভিনেত্রীর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে। ক’দিন আগে তিনি নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছিলেন ‘ধুরন্ধর-২’ সিনেমাকে কেন্দ্র করে। কারণ একটাই, সবাই যখন এই সিনেমায় রণবীরের অভিনয়ের আলোচনায় মত্ত, তখনও নীরব ছিলেন অভিনেতার জীবনসঙ্গী, দীপিকা পাড়ুকোন; যা নিয়ে বিস্মিত নেটিজেনদের অনেকে প্রশ্ন তুলেছিলেন, স্বামীর এত সাফল্যেও সামাজিক মাধ্যমে কোনো প্রতিক্রিয়া নেই কেন দীপিকার?
প্রশংসা তো দূরের কথা, ‘ধুরন্ধর’-এর কোনো ছবি বা ভিডিও শেয়ার করতে কেন এত কার্পণ্য এই অভিনেত্রীর? এসব প্রশ্ন সামনে রেখেই নেটিজেনরা কটাক্ষের তীর ছুড়ে দিয়েছেন দীপিকার দিকে। বিষয়টি নিয়ে চুপ থাকা ঠিক হবে বলে মনে করেছেন রণবীরের ঘরণী। চাঁচাছোলা জবাব দিয়েছেন নিন্দুকদের।
সমাজ মাধ্যমের পোস্টে নিন্দুকদের উদ্দেশে দীপিকা লিখেছেন, ‘‘আপনাদের আগেই আমি ‘ধুরন্ধর’ দেখে ফেলেছি। এ বার হাসির পাত্রটা কে হলো আপনারাই বলুন?’’ ব্যাস এটুকু লেখাই নিজের পক্ষ থেকে যা বলার, তা স্পষ্ট করে দিয়েছেন অভিনেত্রী।
এ খবরের পাশাপাশি ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম আরও জানিয়েছে, ‘ধুরন্ধর’-এ রণবীর সিংয়ের অভিনয় নিয়ে কে কী বলছেন, তা নিয়ে কথা বলার চেয়ে সাফল্য উপভোগ করার বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন দীপিকা।
আকাশ নিউজ ডেস্ক 

























