আকাশ বিনোদন ডেস্ক :
বলিউডের বিতর্কিত মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে বর্তমানে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন। সাম্প্রতিক এক ঘটনায় আবারও বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। সামাজিক মাধ্যমে ‘বেবি বাম্প’-এর কিছু ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। সেই ছবি ঘিরে নেটিজেনদের মাঝে গুঞ্জন— এটি ১ এপ্রিল বা ‘এপ্রিল ফুল’ উপলক্ষ্যে কোনো প্র্যাঙ্ক বা নতুন কোনো প্রজেক্টের প্রচারের একটি অংশ হতে পারে।
এর আগে মৃত্যুর গুজব নিয়েও পুনম পাণ্ডে আলোচনায় এসেছিলেন। ২০২৪ সালের শুরুর দিকে তার জরায়ুমুখের ক্যানসারে মৃত্যুর একটি ভুয়া খবর ছড়িয়ে পড়েছিল। পরে তিনি নিজেই ভিডিওবার্তায় জানিয়ে দেন যে, এই মরণব্যাধি সম্পর্কে সচেতনতা বাড়াতে তিনি এই নাটকীয় প্রচারের পথ বেছে নেন।
সামাজিক মাধ্যমে বেবি বাম্পের ছবি পোস্ট করেছেন পুনম পাণ্ডে। উন্মুক্ত স্ফীতোদর, দুধের বোতল আর শিশুর ছবি শেয়ার করে অন্তঃসত্ত্বা হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। এতে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন ১ এপ্রিলের আগেই এপ্রিল ফুল করে দিলেন পুনম পাণ্ডে।
আবার নেটিজেনদের একাংশ তাকে শুভেচ্ছাও জানিয়েছেন। কারও সঙ্গে সম্পর্কে আছেন কিনা বা সন্তানের বাবা কে, সে বিষয়ে জানার আগ্রহটা ঠিক জিইয়ে রেখেছেন এ মডেল-অভিনেত্রী। বেবি বাম্পের ছবি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এটি সত্যিই মজার প্র্যাঙ্ক নাকি লুকিয়ে অন্য কোনো কাহিনি?
তার আগে এক নজরে দেখে নেওয়া যাক, পুনমকে ঘিরে তৈরি হওয়া বেশ কিছু বিতর্ক—
২০২৪ সাল। আচমকা অভিনেত্রী পুনম পাণ্ডের মৃত্যুর খবরে তোলপাড় নেটপাড়া। অভিনেত্রীর টিমের তরফে সামাজিক মাধ্যমে মৃত্যুর খবর জানানো হয়। তিনি নাকি জরায়ু ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ খবর দ্রুত ছড়িয়ে পড়ার ২৪ ঘণ্টার মধ্যেই ‘জীবন্ত’ পুনম! সামাজিক মাধ্যমে নিজের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেছিলেন— ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়ানোর একটি ক্যাম্পেনিং ছিল। এ ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেত্রী।
এর আগে ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের আগে পুনম পাণ্ডে একটি ভিডিওবার্তায় ঘোষণা দিয়েছিলেন— ভারত জিতলে তিনি নগ্ন হবেন। সেই মন্তব্য তাকে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল। কিন্তু পুনমের সেই সাহসী সিদ্ধান্তকে প্রশ্রয় দেয়নি বিসিসিআই। অর্থাৎ বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া।
এছাড়া কয়েক বছর আগে পুনমের একটি গোপন ভিডিও ফাঁস হয়েছিল সামাজিক মাধ্যমে। স্নানঘরের একটি ব্যক্তিগত মুহূর্ত তখন সবার হাতের মুঠোয় চলে আসে। স্নানের সময় পুনমের উদ্দাম নাচের সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়। অভিনেত্রী দাবি করে বলেছিলেন— সাবেক প্রেমিকই ব্যক্তিগত বিরোধের কারণে ভিডিওটিকে পণ্য বানিয়ে দিয়েছিলেন।
২০২০ সালে কোভিডের সময় লকডাউন ঘোষণা করা হয়। সেই সময় রাস্তায় বের হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। সেই নিষেধাজ্ঞা অবজ্ঞা করে স্বামী শ্যাম বম্বের সঙ্গে বাইরে বের হন তিনি। এর ফলে মুম্বাই পুলিশ তাকে গ্রেফতার করে এবং সামাজিক মাধ্যমে চরম কটাক্ষের শিকার হন তিনি।
উল্লেখ্য, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে পুনম পাণ্ডে স্যাম বম্বের সঙ্গে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের পরই দাম্পত্য কলহ চরমে পৌঁছায়। স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন, হুমকি—এমনকি শ্লীলতাহানির অভিযোগ আনেন। স্যাম বম্বে গ্রেফতার হলেও পরে জামিনে মুক্তি পান। একাধিক মিডিয়া রিপোর্ট মোতাবেক, স্বামীর সঙ্গে হাতাহাতির কারণে পুনম গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 

























