আকাশ বিনোদন ডেস্ক :
তীব্র সমালোচনার মুখে অবশেষ নিষিদ্ধ হলো নোরা ফাতেহি ও সঞ্জয় দত্ত অভিনীত গান ‘সরকে চুনর তেরি সরকে’। ‘কেডি-দ্য ডেভিল’ সিনেমার গানটি মুক্তির পর এর কথা ও নাচের ভঙ্গিমা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। অশ্লীল ও আপত্তিকর নৃত্যভঙ্গির অভিযোগ তুলে গানটি সব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলার জোর দাবি ওঠে। এ প্রেক্ষাপটে আজ বুধবার গানটি নিষেদ্ধ ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার।
‘সরকে চুনর তেরি সরকে’ আনুষ্ঠানিক নিষিদ্ধের বিষয়টি নিশ্চিত করেন ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। লোকসভায় সমাজবাদী পার্টির সাংসদ আনন্দ ভাদৌরিয়ার প্রশ্নের জবাবে তিনি জানান, ‘গানটির বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।’ মন্ত্রী আরও বলেন, ‘ভারতে মতপ্রকাশের স্বাধীনতা সীমাহীন নয়। সংবিধান নির্ধারিত যৌক্তিক সীমাবদ্ধতা মেনে সবাইকে চলতে হবে।’
সরকারের এই সিদ্ধান্তের ফলে গানটি ডিজিটাল সব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।
গানটির কথায় যৌন ইঙ্গিত রয়েছে এবং নাচের উপস্থাপন ‘কুরুচিকর’— এমন অভিযোগ তোলেন সমালোচকরা। নোরা ও সঞ্জয়ের নাচের ভঙ্গিমা নিয়ে প্রশ্ন তোলেন অভিনেত্রী কঙ্গনা রনৌত। তার অভিযোগ, ‘ভারতের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ক্রমেই অশালীনতার দিকে ঝুঁকছে। সস্তা প্রচারের জন্য শালীনতার সীমা অতিক্রম করা হচ্ছে।’
কঙ্গনা বলেন, ‘দেশের মানুষ এমন কনটেন্টের নিন্দা করলেও নির্মাতাদের মধ্যে সে ধরনের সচেতনতা দেখা যাচ্ছে না। পরিবারের সঙ্গে বসে টেলিভিশন দেখা এখন কঠিন হয়ে পড়েছে। এ কারণে বলিউডের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ প্রয়োজন।’
এদিকে বিতর্কের মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন গানটির গীতিকার রাকিব আলম। তিনি দাবি করেন, গানটির মূল কথা তার লেখা নয়। কন্নড় গীতিকার প্রেম– এর লেখা থেকে গানটি অনুবাদ করা হয়েছে।
রাকিব আলম জানান, শুরুতে তিনি গানটি লিখতে রাজি ছিলেন না এবং আশঙ্কা করেছিলেন, এটি সেন্সর বোর্ডের অনুমোদন নাও পেতে পারে। পরে অনুরোধের পরিপ্রেক্ষিতে সেটি অনুবাদ করেন।
আকাশ নিউজ ডেস্ক 

























