অাকাশ জাতীয় ডেস্ক:
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি পাঁচ দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। সঙ্গে এসেছেন তার মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি। ভারতের সাবেক বর্ষিয়ান এই রাজনীতিক রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পর এই প্রথম কোনো দেশে সফর করছেন।
রবিবার বিকাল ৪টায় তিনি জেট এয়ারলাইন্সের একটি বিমানে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলাসহ বিভিন্ন পদস্থ ব্যক্তিরা তাকে বিমানবন্দরে স্বাগত জানান।
সূত্র জানায়, প্রণব মুখার্জি আজ রাতে হোটেল সোনারগাঁওয়ে অবস্থান করবেন। সফরসূচি অনুসারে, ১৫ জানুয়ারি সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। এরপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তিনি বাংলা একাডেমিতে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
১৬ জানুয়ারি মঙ্গলবার তিনি রাউজানে সূর্য সেনের ভাস্কর্য, তোরণ ও বসতবাড়ি দেখতে চট্টগ্রাম যাবেন। এছাড়া তিনি ওই দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্মারক বক্তৃতায়ও অংশ নেবেন। এ সময় প্রণব মুখার্জিকে বিশেষ সমাবর্তনের মাধ্যমে সম্মানসূচক ডি লিট ডিগ্রি দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ওই দিন সন্ধ্যায় হোটেল রেডিসন ব্লু বে ভিউতে এক সুধী সমাবেশে বক্তৃতা করবেন ভারতের এই সাবেক রাষ্ট্রপতি। তার সম্মানে এ অনুষ্ঠানটির আয়োজন করছেন বাংলাদেশের ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা।
১৭ জানুয়ারি বুধবার তিনি ঢাকায় ফিরে আসবেন। স্বদেশ ফেরত যাবেন ১৮ জানুয়ারি বৃহস্পতিবার। প্রণব মুখার্জি ২০১৫ ও ২০১৩ সালে বাংলাদেশ সফর করেন। রাষ্ট্রপতি হিসেবে ২০১৩ সালের ১৩ মার্চ ছিল তার প্রথম বিদেশ সফর। বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই বাঙালি রাজনীতিক। স্বাধীনতার পরও তার ভূমিকা উল্লেখযোগ্য। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে দেয়া হয় বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা।
বাংলাদেশের প্রবাসী সরকারকে ভারতের সমর্থনদানের বিষয়ে ১৯৭১ সালের ১৫ জুন ভারতের রাজ্যসভায় প্রস্তাবটি উত্থাপন করেন প্রণব।ভারতের ত্রয়োদশ এবং প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব কংগ্রেস দলের প্রভাবশালী নেতা ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ভারতের অর্থ, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
১৯৬৯ সালে রাজনীতিতে প্রবেশ করেন প্রণব মুখোপাধ্যায়। তার আগে কাজ করেছেন শিক্ষক এবং সাংবাদিক হিসাবে। কংগ্রেসে যোগ দেওয়ার পরে মন্ত্রী হন ১৯৭৩ সালে।
ভারতের রাজনীতিক প্রণব মুখার্জি বাংলাদেশের জামাতাও। তার স্ত্রী শুভ্রা মুখার্জির বাড়ি নড়াইলের ভদ্রবিলা গ্রামে। ২০১৩ সালের মার্চে বাংলাদেশ সফরে এসে শ্বশুর বাড়ি ঘুরে গেছেন প্রণব। শুভ্রা অবশ্য আর বেঁচে নেই। ২০১৫ সালের ১৮ আগস্ট ভারতের আর্মি হাসপাতালে মারা যান তিনি।
আকাশ নিউজ ডেস্ক 



















