মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, আজ দুপুর ২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সংবাদমাধ্যমের সামনে নিজের অবস্থান পরিষ্কার করবেন।
ফেসবুক পোস্টে ইশরাক হোসেন কিছু ব্যক্তির সমালোচনা করে লেখেন, তার পদত্যাগের বিষয়ে কিছু সুশীল ব্যক্তি উল্লাস করছেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দেশের যেকোনো সংকটময় মুহূর্তে বা আন্দোলনে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে ফিরে এসে অংশ নেবেন।
নিজের ভবিষ্যতের পরিকল্পনার কথা জানিয়ে ইশরাক বলেন, পদত্যাগের পর তিনি সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বরং একজন সাধারণ বিএনপি কর্মী হিসেবে কাজ করবেন। বিশেষ করে মাদক নির্মূলের আন্দোলনে তিনি আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি জানান, এখন থেকে মাদক নির্মূল কার্যক্রমকে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে এগিয়ে নেবেন। পাশাপাশি দেশের বিভিন্ন জেলা সফর করে যুবদলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির কাজে আত্মনিয়োগ করার কথা জানান তিনি। তার ভাষ্যমতে, পদ ছাড়লেও মাদক নির্মূলের লড়াই ও পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























