রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গোৎসবের আয়োজনা পরিদর্শনে গিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির জানিয়েছেন, জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় বাংলাদেশ পুলিশ এখন ঘুরে দাঁড়িয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গোৎসব উদ্যাপন পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন তিনি।
আইজিপি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে পড়েছিল। সে সময় পুলিশের কার্যকর উপস্থিতি না থাকায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয় এবং ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ বৃদ্ধি পায়। তবে সেই সংকটময় অবস্থা কাটিয়ে উঠতে পুলিশ এখন সক্ষম হয়েছে। মানুষের নিরাপত্তা ছিল না, সবাই উদ্বিগ্ন ছিলেন। ওই সময়ে ছিনতাই, রাহাজানি, ডাকাতিসহ নানা ধরনের অঘটন ঘটেছে।
তিনি আরও জানান, বর্তমানে পূজা উদ্যাপন কমিটি, স্থানীয় জনগণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ প্রচেষ্টায় সারা দেশে ৩৩ হাজারেরও বেশি মণ্ডপে অত্যন্ত শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালিত হচ্ছে। পূজা আয়োজনে সক্রিয় ভূমিকার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আকাশ নিউজ ডেস্ক 






















