শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবির জেরে সড়ক অবরোধের চেষ্টা করেন পোশাক শ্রমিকরা। এ সময় তারা ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়ক দিয়ে বেরিয়ে প্রধান সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার সম্মুখীন হন। এ নিয়ে শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। জানা যায়, বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোড দিয়ে বের হয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন পোশাকশ্রমিকরা।
ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম জানান, প্রায় ১০০০ থেকে ১৫০০ শ্রমিক লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান নিলে পুলিশ তাদের সাথে আলোচনার চেষ্টা চালায়। কিন্তু শ্রমিকরা কোনো আহ্বানে সাড়া না দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তিনি স্পষ্ট করেন যে, শ্রমিকদের ওপর কোনো লাঠিচার্জ করা হয়নি।
এ ঘটনায় পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের হাত ভেঙে গেছে বলে জানা গেছে। এছাড়া শ্রমিকদের হামলায় পুলিশের একটি পিকআপ ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। বর্তমানে ওই এলাকাটি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























