রাজধানীর রমনায় অবস্থিত অফিসার্স ক্লাবের নির্মাণাধীন একটি ভবন থেকে মো. মোশাররফ হোসেন নামের এক সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি অফিসার্স ক্লাবের একজন সদস্য ছিলেন এবং বনানীর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।
অফিসার্স ক্লাব সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল ১০টার দিকে মোশাররফ হোসেন তার ছোট মেয়েকে নিয়ে ক্লাবে প্রবেশ করেন। তিনি মেয়েকে সুইমিংপুলে দিয়ে নিজে ভবনের ভেতর দিকে চলে যান। এর প্রায় ঘণ্টাখানেক পর নিচতলায় সিঁড়ির পাশে তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পারিবারিক সূত্রে জানা যায়, মোশাররফের বড় মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি দেশে ফিরলেই মরহুমের দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে। পারিবারিক সূত্র জানায়, তার বড় মেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি বাংলাদেশে এলে তার বাবা মোশাররফ হোসেনের দাফনকাজ সম্পন্ন করা হবে।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, ভুক্তভোগী চোখে কিছুটা কম দেখতেন। ধারণা করা হচ্ছে, তিনি ওই ভবনের তৃতীয় তলা থেকে নিচে ফাঁকা জায়গায় পড়ে যান। পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল সম্পন্ন করেছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 























