মক্কায় একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর পাওয়া গেছে। গত বুধবার সৌদি গণমাধ্যমে নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আক্তার নামের দুই বাংলাদেশির দণ্ড কার্যকরের তথ্য জানানো হয়। তবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মিশনকে আগে থেকে কিছু জানায়নি।
জেদ্দা কনস্যুলেট ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জেদ্দার পররাষ্ট্র দপ্তরে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। জেদ্দা কনস্যুলেটের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, আলোচিত ওই দুই বাংলাদেশির বিচার প্রক্রিয়া চলাকালে কিংবা দণ্ড কার্যকরের বিষয়ে কোনো কূটনৈতিক পত্র বা তথ্য তাদের জানানো হয়নি। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরই মূলত বিষয়টি নজরে আসে। বর্তমানে অভিযুক্তদের বিরুদ্ধে আনা নির্দিষ্ট অভিযোগ, মামলা ও আদালতের রায়ের বিস্তারিত তথ্য জানতে চেয়েই চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























