কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা কাউছারকে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ছত্রখিল এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নিহত কাউছার স্থানীয় এক নেতা কবিরের ছোট ভাই।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ছত্রখিল এলাকায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে বৃহস্পতিবার একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এর ঠিক পরের দিন শুক্রবার সকালে বিরোধপূর্ণ ওই জমির কাছে গেলে প্রতিপক্ষের লোকজন কাউছারের ওপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা তার মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা ট্রমা হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার। প্রাথমিক তদন্তে জমিসংক্রান্ত বিরোধই এই হত্যাকাণ্ডের মূল কারণ বলে ধারণা করছে পুলিশ। বর্তমানে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ও তাদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























