দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন করে ১,৯৪৩ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে সর্বোচ্চ ৪৩২ জন চিকিৎসাধীন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩৮ জন, খুলনা বিভাগে ২৩৪ জন এবং বরিশাল বিভাগে ১৯৫ জন ভর্তি হয়েছেন। পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৭ জন, রাজশাহী বিভাগে ১৩০ জন, ময়মনসিংহ বিভাগে ১০০ জন, রংপুর বিভাগে ৭০ জন ও সিলেট বিভাগে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১,০৭,২৫৯ জনে। বিপরীতে এই সময়ে মশাবাহিত রোগটিতে মোট ৩৩১ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১,৮৩০ জন রোগী। তা নিয়ে এ বছর ডেঙ্গু চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১,০১,০৩১ জন। চলতি বছরে এ যাবত মোট এক লাখ এক হাজার ৩১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























