শিক্ষা খাতের তথ্য আদান-প্রদান ও আন্তঃসংযোগ (ডাটা ইন্টারঅপারেবিলিটি) নিশ্চিত করার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতর এবং বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সঙ্গে আলোচনায় বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৮ অক্টোবর রোববার বেলা আড়াইটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। এনআইডি অনুবিভাগের মহাপরিচালকের সভাপতিত্বে আয়োজিত এই সভায় সংশ্লিষ্ট প্রতিনিধিদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। সভায় সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্যও চিঠিতে বলা হয়েছে।
নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক মুহ. সরওয়ার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বা তথ্য সংশোধনের ক্ষেত্রে নাগরিকদের জমা দেওয়া নথিপত্র ম্যানুয়ালি বা হাতে-কলমে যাচাই করতে হয়। এই প্রক্রিয়ায় কোনো স্বয়ংক্রিয় ব্যবস্থা না থাকায় অনেক ক্ষেত্রে জাল শিক্ষা সনদ, ভুয়া পাসপোর্ট কিংবা জন্মনিবন্ধন ব্যবহার করে প্রতারণার চেষ্টা করা হয়। এর ফলে আবেদন প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি অনেক সময় সঠিক নথিপত্র থাকলেও আবেদন বাতিল হয়ে যাওয়ার ঘটনা ঘটছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইসির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক মুহ.সরওয়ার হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা গেছে।
এই জটিলতা নিরসন এবং এনআইডি সার্ভিসের মানোন্নয়নে সরকার নয়টি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের তথ্যভান্ডারের সঙ্গে এনআইডি সিস্টেমকে সরাসরি সংযুক্ত করার পরিকল্পনা নিয়েছে। এরই ধারাবাহিকতায় ইসি এরই মধ্যে বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করেছে। এপিআই (API) সুবিধা পাওয়ার জন্য ইসি যেসব প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে তার মধ্যে রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। এরই অংশ হিসাবে ইতোমধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক শেষ করেছে।
তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, জন্ম ও মৃত্যুনিবন্ধন শাখা এবং আইন মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন অধিদফতর (বিবাহ ও তালাক বিভাগ)। এসব প্রতিষ্ঠানের তথ্যভান্ডারের সাথে আন্তঃসংযোগ স্থাপিত হলে এনআইডি সেবার গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে বলে আশা করছে নির্বাচন কমিশন।
আকাশ নিউজ ডেস্ক 























