রিয়াদ বিমানবন্দরে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার কারণে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় দেশে আটকে পড়েছেন কয়েক হাজার সৌদি প্রবাসী বাংলাদেশি। এর ফলে অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে, যা প্রবাসীদের মধ্যে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। আটকে পড়া এসব কর্মীর ভিসার মেয়াদ বাড়িয়ে তাঁদের পুনরায় কর্মস্থলে ফেরার সুযোগ করে দিতে সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা চালাচ্ছে বাংলাদেশ সরকার।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অভিবাসনবিষয়ক গবেষণা সংস্থা রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মস্থসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক এ তথ্য জানান। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে এই কূটনৈতিক উদ্যোগ কিছুটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। তবে সরকার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছে।
প্রতিমন্ত্রী নুরুল হক আশাবাদ ব্যক্ত করেন যে, অতীতের ন্যায় এবারও আলোচনার মাধ্যমে ভিসার মেয়াদ বাড়ানোর একটি সমাধান পাওয়া যাবে। তিনি জানান, ফ্লাইট চলাচল স্বাভাবিক হওয়ার পর কর্মীরা যাতে কোনো প্রকার আইনি জটিলতা ছাড়াই কর্মস্থলে ফিরতে পারেন, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সৌদি আরব অতীতেও এ ধরনের মানবিক ও পেশাগত বিষয়ে সহযোগিতামূলক মনোভাব দেখিয়েছে, যা বর্তমান পরিস্থিতিতেও বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রিয়াদের ঘটনায় বাংলাদেশি নাগরিকদের হতাহতের প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, ঘটনার পর থেকেই রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন বাংলাদেশিদের খোঁজখবর নিয়েছেন। আহত প্রবাসী কর্মীদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও চিকিৎসা নিশ্চিত করতে দূতাবাস সার্বক্ষণিকভাবে কাজ করছে।
ফ্লাইট বিপর্যয়ের ফলে সৃষ্ট অনিশ্চয়তা ও ভিসার মেয়াদের আশঙ্কা দূর করতে সরকারের এই কূটনৈতিক প্রচেষ্টা কতটা কার্যকর হয়, সেদিকেই তাকিয়ে আছেন আটকে পড়া প্রবাসীরা। নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরতে না পারলে অনেকেরই বৈধভাবে অবস্থানের ক্ষেত্রে বড় ধরনের সংকটের আশঙ্কা রয়েছে। সরকারের পক্ষ থেকে এই জটিলতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
আকাশ নিউজ ডেস্ক 




















