পুরান ঢাকার চকবাজারের কাটরা মসজিদ সংলগ্ন মনসুর খান প্লাজায় সোমবার বিকেলে লাগা আগুন দীর্ঘ সাত ঘণ্টাতেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। গত ১২ অক্টোবর বিকাল ৫টা ২ মিনিটে ভবনটিতে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস ৫টা ৪ মিনিটে খবর পেয়ে ৫টা ২২ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের ভয়াবহতা বিবেচনায় বর্তমানে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট, একটি স্পেশাল রেসপন্স টিম ও একটি লাইটিং ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান জানান, ভবনটির ছয়তলায় থাকা কসমেটিকস ও ব্যাগের গোডাউন থেকেই আগুনের উৎপত্তি। সেখান থেকে আগুন দ্রুত বিভিন্ন কম্পার্টমেন্টে ছড়িয়ে পড়ে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ছয়তলার সব মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের দুইজন কর্মী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান আরও জানান, পুরান ঢাকার সরু রাস্তাঘাট এবং ভবনের কাঠামোগত জটিলতার কারণে অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা করতে ব্যাপক বেগ পেতে হচ্ছে। ভারী ও পানিবাহী গাড়িগুলো সরু গলিতে প্রবেশ করানো এবং ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে রাখা বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। প্রতিকূল এই পরিস্থিতি সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে কর্মীরা কাজ অব্যাহত রেখেছেন।
বর্তমানে ফায়ার সার্ভিসের প্রায় ১৫০ কর্মী অগ্নিনির্বাপণে সক্রিয় রয়েছেন। তাদের সঙ্গে স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবীরাও উদ্ধার কাজে সহযোগিতা করছেন। সব মিলিয়ে কয়েকশ মানুষ বর্তমানে দুর্ঘটনাস্থলে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমে যুক্ত রয়েছেন। ফায়ার সার্ভিসের সংশ্লিষ্টরা এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আকাশ নিউজ ডেস্ক 


















