ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি ও দিনক্ষণ চূড়ান্ত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। সভার তথ্য অনুযায়ী, বৈঠকে অন্য চারজন নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
এর আগে গত রোববার (১১ অক্টোবর) ইসির এক চিঠিতে জানানো হয়েছিল যে, ১২ অক্টোবর সকাল সাড়ে ১০টায় সিইসির সভাপতিত্বে ইসির সম্মেলন কক্ষে এই সভা হবে এবং সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। আগামী জানুয়ারি মাস থেকে নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে কমিশনের। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, রমজান শুরুর পূর্বেই ইউপি নির্বাচনের তিনটি ধাপ সম্পন্ন করতে চায় কমিশন এবং পরবর্তীতে বাকি ধাপগুলোর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ নিশ্চিত করেছিলেন যে, সোমবারের কমিশন সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারণ ও আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হবে।
বৈঠকের মূল আলোচ্যসূচি
- স্থানীয় সরকার পরিষদের নির্বাচনসমূহের সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা।
- ইউনিয়ন পরিষদ নির্বাচনের পূর্ণাঙ্গ সময়সূচি ও দিনক্ষণ নির্ধারণ।
- জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ নির্ধারণ।
- পার্সোনালাইজেশন সেন্টারের মেশিনসমূহের বর্তমান অবস্থা, রক্ষণাবেক্ষণ, স্মার্ট কার্ড প্রিন্ট, বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তি সম্পাদনের বিষয়ে গঠিত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।
- জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর খসড়া পর্যালোচনা ও অনুমোদন।
আকাশ নিউজ ডেস্ক 



















