আকাশ স্পোর্টস ডেস্ক:
২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের শিরোপা লড়াই দেখতে মাঠে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে বিজয়ী দলের অধিনায়কের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপে ফাইনালের আগে ১০২টি ম্যাচ অনুষ্ঠিত হলেও এর একটিতেও স্টেডিয়ামে দেখা যায়নি মার্কিন প্রেসিডেন্টকে। তবে টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে তার উপস্থিতি আগেই ইঙ্গিত দিয়েছিল হোয়াইট হাউস।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘আমরা রোববারের ফাইনালের অপেক্ষায় আছি। প্রেসিডেন্টও সেখানে উপস্থিত থাকতে মুখিয়ে আছেন।’
মাঠে উপস্থিত না থাকলেও পুরো টুর্নামেন্টজুড়ে বিভিন্ন কারণে আলোচনায় ছিলেন ট্রাম্প। শেষ ষোলোর আগে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে তার প্রকাশ্য মন্তব্য ও ফিফার কাছে পুনর্বিবেচনার আহ্বান ব্যাপক বিতর্কের জন্ম দেয়। পরে ফিফা নিষেধাজ্ঞা স্থগিত করলে ট্রাম্প সেটিকে ‘একটি বড় অবিচারের সংশোধন’ বলে মন্তব্য করেছিলেন।
অন্যদিকে বালোগান নিজেই স্বীকার করেছিলেন, পুরো ঘটনাটি তাকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছিল। যদিও নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি খেলতে পেরেছিলেন, শেষ পর্যন্ত বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় স্বাগতিক যুক্তরাষ্ট্র।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ফাইনালে ট্রাম্পের ট্রফি প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়া আগেই পরিকল্পনায় ছিল। সুইজারল্যান্ডের সংবাদমাধ্যম ব্লু স্পোর্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, ‘হ্যাঁ, আশা করছি আমরা একসঙ্গে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেব। শুরু থেকেই এমন পরিকল্পনা ছিল। সাধারণত যে দেশে ফাইনাল অনুষ্ঠিত হয়, সেই দেশের রাষ্ট্রপ্রধান ফিফা সভাপতির সঙ্গে মিলে ট্রফি প্রদান অনুষ্ঠানে অংশ নেন।’
এর আগে নিউ জার্সিতেই অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ফাইনালেও ইনফান্তিনোর সঙ্গে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দিয়েছিলেন ট্রাম্প। এবারও বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে একই দৃশ্যের পুনরাবৃত্তি হতে যাচ্ছে। এখন অপেক্ষা শুধু, মেটলাইফ স্টেডিয়ামে কার হাতে ট্রফি তুলে দেবেন মার্কিন প্রেসিডেন্ট?
আকাশ নিউজ ডেস্ক 


















