আকাশ জাতীয় ডেস্ক:
বাসাবাড়ির বর্জ্য অপসারণে অতিরিক্ত অর্থ আদায় ও অনিয়ম করলে ঠিকাদারদের টেন্ডার বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
শনিবার সকালে রাজধানীর শান্তিনগর বাজারে ‘ক্লিনিং ডে’ কর্মসূচিতে অংশ নিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি।
অক্সিজেন গ্রহণের জন্য গাছ রোপণের ওপর জোর দিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘যার যার বাড়িঘরের সামনের রাস্তা পরিষ্কার রাখতে হবে। মার্কেটগুলো থেকে রাস্তার মাঝখানে আবর্জনা ফেলে যায়। তাদেরকে বিনে ময়লা ফেলতে বলেছি। আমরা সময় নির্ধারণ করে দিয়েছি নির্দিষ্ট সময়ের মধ্যে ময়লা ফেলতে হবে।’
তিনি আরও বলেন, ‘ঢাকা শহরে আজ বিভিন্ন জায়গায় হকার বসছে, কিন্তু তারা ময়লা আবর্জনা পরিষ্কার করছে না। তাদেরও নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে।’
বাসাবাড়ি থেকে নিয়মিত আবর্জনা পরিষ্কার করা হচ্ছে না বলে অভিযোগ পেয়েছেন জানিয়ে আব্দুস সালাম বলেন, ‘আবার কোথাও কোথাও থেকে অভিযোগ আসছে বেশি টাকা নিচ্ছে। যারা এমনটা করবে আগামীতে তাদের টেন্ডার দিবো না।’
ডেঙ্গু নিয়ে বিভিন্ন ওয়ার্ডে জরিপ করা হয়েছে বলে জানান ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, ‘জরিপে ৬৫ শতাংশ বাসা বাড়িতে লার্ভা পেয়েছি। আমরা নতুন ওষুধ দিচ্ছি। এই নতুন ট্যাবলেট যেই সব জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না সেখানে সরবরাহ করা হচ্ছে। ডেঙ্গু রোগীদের সেবা দিতে বিভিন্ন হাসপাতালে প্রস্তুতি নিয়েছি।’
আকাশ নিউজ ডেস্ক 


















