আকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে কর্মসূচি শেষে ব্রিফিং চলাকালে সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এতে দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজনৈতিক দল হিসেবে আদালতের রায়ে নিবন্ধন হারানো এবং পরবর্তী সময়ে বিগত সরকারের আমলে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোন।
কর্মসূচিতে জামায়াত নেতা মুস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম শাহিন, আনিসুজ্জামান, জাহিনুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং চলাকালে পরিস্থিতির অবনতি ঘটে। উপস্থিত সাংবাদিকরা সিনিয়র এক সাংবাদিককে বক্তব্য দেওয়ার অনুরোধ করলে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জামায়াতের নেতাকর্মীরা সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ বলে আখ্যা দেন। এ মন্তব্যের প্রতিবাদ জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে জামায়াত সমর্থকরা সাংবাদিকদের ওপর চড়াও হন এবং আকস্মিক হামলা চালান। এতে দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হন। হামলার পর তার মুখ দিয়ে রক্ত ঝরতে দেখা যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত অন্য সাংবাদিকরা দ্রুত আহত মাহফুজুর রহমান শিশিরকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে দাবি করেছেন ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান খান। গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের এই রাজনৈতিক কর্মসূচিতে বহিরাগত কেউ ঢুকে পড়ে এমন অনভিপ্রেত ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
আকাশ নিউজ ডেস্ক 



















