আকাশ জাতীয় ডেস্ক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে হাফিজ মিয়া নামে এক মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রোববার উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত জসিম মিয়াকে আটক করেছে পুলিশ। তার বাড়ি শ্রীমঙ্গলের লইয়ারকুল এলাকায়। নিহত হাফিজ মিয়াও একই এলাকার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যান মুদি দোকানী হাফিজ। নামাজের প্রস্তুতির সময় হঠাৎ জসিম তার ওপর ঝাঁপিয়ে পড়েন। এরপর মসজিদের ভেতরেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান হাফিজ। পরে পুলিশ অভিযান চালিয়ে জসিমকে আটক করে।
স্থানীয়দের অনেকে জানান হত্যাকাণ্ডে অভিযুক্ত জসিম মাদকাসক্ত ও সন্ত্রাসী প্রকৃতির। তিনি মালামাল বাকী নিয়ে টাকা ফেরত দিতেন না। পাওনা টাকা চাইলে অপদস্থ করতেন। নিহত হাফিজ উদ্দিন লইয়ারকুল জামে মসজিদের পাশে দেওয়া ছোট একটি মুদি দোকান পরিচালনা করে জীবনয়াপন করতেন।
ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ গিয়ে হামলাকারীকে আটক করে। তিনি আমাদের হেফাজতে রয়েছেন। দোকানে মালামাল বাকীতে না দেওয়ার জেরে হত্যাকাণ্ডের কারণ হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 



















