আকাশ জাতীয় ডেস্ক:
ফরিদপুর শহরের লক্ষীপুরে মাদক নিয়ে বিরোধের জেরে রাজু ওরফে বাটুল রাজু (৩৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২ মার্চ) রাত পৌনে ১০টার দিকে শহরের রেলস্টেশন বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত নুরুল ইসলামসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহত রাজু শহরের রেলস্টেশন বাজার মুসলিম কলোনির ২নং কুঠিবাড়ির বাসিন্দা। তার বাবার নাম বাবলু কসাই।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শহরের রেলস্টেশন বাজারের বস্তিতে দীর্ঘদিন ধরে কয়েকটি গ্রুপ মাদক বেচাকেনা করে আসছে। এটিকে কেন্দ্র করে এলাকায় প্রায়ই হামলা-পালটা হামলার ঘটনা ঘটে। স্থানীয় হৃদয়ের সঙ্গে বাটুল রাজুর মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধ চলছিল। তারই পরিপ্রেক্ষিতে সোমবার রাত পৌনে ১০টার দিকে হৃদয় ও তার সহযোগীরা রাজুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়।
পরে আশঙ্কাজনক অবস্থায় রাজুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজু মারা যায়।
স্থানীয়রা জানান, মাদক বিক্রির টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে দুজনের মধ্যে কয়েকদিন আগে হাতাহাতির ঘটনাও ঘটে। রাজুর স্বজনদের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে রাজুকে হত্যা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
আকাশ নিউজ ডেস্ক 























