আকাশ জাতীয় ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও এমপি বলেছেন, ক্ষমতাসীনদের তুষ্ট রাখতেই সব সময় ব্যস্ত থাকে দেশের প্রশাসন। বিগত দিনে নির্বাচনী সহিংসতার পর প্রশাসনের নিরপেক্ষতার ভান করে বসে থেকে জুলুম সহ্য করা ও জুলমে প্রশ্রয় দেওয়ার মাধ্যমে সরকারের প্রতি অনুগত থাকার প্রক্রিয়ার মধ্য নিয়ে যায়। আমরা প্রশাসনের নিরবতাকে সেই অবস্থায় দেখি। সহিংসতাকারীদের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আজ রোববার বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ বালারঘাটে নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এনসিপির সংগঠক সুমন হোসেনের বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, একদিকে বিএনপি ফ্যামিলি কার্ডের কথা বলে, তাদের প্রার্থীরা শাড়ি-লুঙ্গি বিতরণ করে। অপরদিকে, তাদের সন্ত্রাসী বাহিনী পরিবারগুলোকে তছনছ করে দিয়েছে। জীবন ধারণের উপকরণ, স্বর্ণ, টাকা-পায়সা লুটপাট করে নিয়েছে। ফ্যামিলি কার্ডের কথা বলে বিএনপির লুটপাট করার নীতি জানতে পেরে জনগণ শাপলা কলিতে ভোট দিয়েছে।
তিনি আরও বলেন, রংপুর-৪ আসনে বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসার সন্ত্রাসী বাহিনী এনসিপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ঘর-বাড়ি ভাঙচুর করেছে। নির্বাচনকালীন এমন সহিংসতার সময় প্রশাসন নির্বাচন কমিশনের আওতায় ছিল। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। সহিংসতার শিকার নেতাকর্মীরা প্রায় ১০ দিন ধরে তাদের পরিবার নিয়ে বাইরে অবস্থান করছে। ঘরবাড়ি ভাঙচুর, লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত থানায় মামলা করবে। আশা করছি, প্রশাসন চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করবে।
বিএনপি প্রার্থীর সন্ত্রাসীদের হামলার বিষয়টি আমি স্থানীয় সরকার মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি বলে জানান আখকার হোসেন। এ সময় এনসিপির জেলা আহ্বায়ক আল মামুন, যুগ্ম আহ্বায়ক আলমগীর নয়নসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, জাতীয় সংসদ নির্বাচনের ১০ দিন পেরিয়ে গেলেও এখনো পরাজয়ের গ্লানি ভুলতে পারছেন না রংপুর-৪ আসনের বিএনপি প্রার্থী ও তার কর্মী-সমর্থকরা। রমজান শুরুর আগে টানা চারদিন বিভিন্ন কর্মসূচি পালন করে বিড়িশিল্প এলাকা হারাগাছসহ পীরগাছা-কাউনিয়া বিএনপি।
এবার নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেনের হারাগাছ সফর ঘিরে রোববার হরতালসহ বিক্ষোভ কর্মসূচির ডাক দিলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। অন্যদিকে, সংসদ সদস্য আখতার হোসেন রোববার সকালে তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমার হারাগাছে আসা নিয়ে যদি কিছু ঘটে তার দায় ভরসা এবং বিএনপির হাইকমান্ডকে নিতে হবে। আমরা হারাগাছের নিপীড়িত শ্রমিকদের পক্ষে কাজ করে যাব, ইনশাআল্লাহ।
এ বিষয়ে হারাগাছ থানার ওসি অশোক চৌহান বলেন, হারাগাছ পৌর শহরে সংসদ সদস্য আখতার হোসেনের সফর ঘিরে কোনো উত্তেজনা ছিল না। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কেউ যাতে আইনশৃঙ্খলার অবনতি করতে না পারে সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে ১১ দলীয় জোট প্রার্থী এনসিপির সদস্য সচিব আখতার হোসেন শাপলা প্রতীকে এক লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক ভরসা পেয়েছেন এক লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট।
তবে নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে এর আগে রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দেন পরাজিত বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা। আবেদনের মাধ্যমে ভোট পুনর্গণনার দাবি জানান তিনি। সেই সময় বিক্ষোভ মিছিল, সমাবেশ, সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন তার সমর্থকরা। সবশেষ জেলা শাসকের কার্যালয় ঘেরাও করে ভোট পুনর্গণনা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এমদাদুল হক ভরসা।
আকাশ নিউজ ডেস্ক 



















