আকাশ স্পোর্টস ডেস্ক :
হাঁটুর অস্ত্রোপচারের পর অনুশীলনে ফিরেছেন নেইমার, তবে সেরা ছন্দ ফিরে পাননি এখনও। যদিও চাউর হয়েছে, নোরোয়েস্তের বিপক্ষে আসছে ম্যাচেই খেলতে পারেন এই তারকা ফরোয়ার্ড। তবে সান্তোস কোচ জোয়ান পাবলো পরিষ্কার জানিয়ে দিলেন, নেইমারকে নিয়ে তিনি ঝুঁকির পথ মাড়াবেন না।
কারণটাও জানিয়ে দিয়েছেন পাবলো। আগামী জুন-জুলাইয়ে বসবে বিশ্বকাপ। ষষ্ঠ শিরোপার অপেক্ষা ঘুঁচানোর লক্ষে নামবে ব্রাজিল। এই মিশনে সর্বোচ্চ গোলদাতা নেইমারকে খুব করে পেতে চাইবে সেলেসাওরা।
পাওলোকে পাউলিস্তা এ-ওয়ানে নিজেদের পথচলা-সবকিছু নিয়েই ভাবতে হচ্ছে। গত ২২ ডিসেম্বর থেকে খেলার বাইরে নেইমার। গত বৃহস্পতিবার ৩৪ পূরণ করা এই ফরোয়ার্ড অবশ্য সান্তোসের অনুশীলনে ফিরেছেন হাঁটুতে সফল আর্থ্রোসকোপিক অস্ত্রোপাচারের পর। চাউর হয়েছে সামনের সপ্তাহেই নোরোয়েস্তের বিপক্ষে খেলবেন নেইমার। তবে সান্তোস কোচ বললেন, কোনো তাড়াহুড়া করবেন না তিনি।
“সে ইতোমধ্যে দলে ফিরেছে। কিন্তু তার মতো একজন খেলোয়াড়, যে কিনা গুরুত্বপূর্ণ একটি লক্ষ্যের (বিশ্বকাপ) জন্য প্রস্তুত হচ্ছে, ফেরার জন্য তার ভালো শেইপ ফিরে পাওয়া প্রয়োজন।”
“এজন্য সে পুরোপুরি নিবেদিত, যাতে করে সে যখন আবারও ফিরবে, সে যেন সবার প্রত্যাশা অনুযায়ী পারফরম করতে পারে। সে বিশ্বকাপটা চায়। তার অনুশীলন, প্রস্তুতিতে ওয়ান-অন ওয়ান লড়াই করা দরকার…সে একজন মানুষ। আমরা তাকে নিয়ে তাড়াহুড়ো করব না। যখন সে পুরোপুরি ফিট হয়ে উঠবে, সে গুরুত্বপূর্ণ অবদান রাখবে, যেটা অন্য কেউ পারে না।”
গত মৌসুমে সান্তোসের অবনমন এড়ানোয় দারুণ অবদান রাখেন নেইমার। এ মুহূর্তে তিনি জাতীয় দলে ফেরার দিকে মনোযোগ দিচ্ছেন বেশি। ২০২৩ সালের অক্টোবরে সবশেষ ব্রাজিলের জার্সিতে খেলেছিলেন তিনি।
ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা (৭৯টি) নেইমারের জাতীয় দলে ফেরার পথটা মসৃণ করতে চান তার সান্তোস সতীর্থ গাব্রিয়েল বারবোসাও। ক্রজেইরো থেকে গত মাসে ধারে সান্তোসে যোগ দেওয়া এই ফরোয়ার্ড নেইমারকে রাখতে চান চাপমুক্ত।
“আমি তাকে জাতির ত্রাতা হিসেবে দেখি না। যদি সেটাই হত, তাহলে অন্য দলগুলো কখনই হারত না। কেননা, তাদেরও দুর্দান্ত সব খেলোয়াড় আছে।”
“নেইমার স্রেফ আরেকজন খেলোয়াড়। গুরুত্বপূর্ণ একজন এবং এই দলটার আদর্শ এবং অধিনায়ক। তার নেতৃত্বগুণ অসাধারণ। আমরা আশা করি তাকে সাহায্য করার, যাতে করে সে আবেগাপ্লুত না হয় এবং নিজেকে উপভোগ করতে পারে। আমাদের আশা, সান্তোস এবং জাতীয় দলকে সহযোগিতা করার জন্য সে যেন শতভাগ নিয়ে, চাপমুক্ত হয়ে, শান্তভাবে ফিরে।”
আকাশ নিউজ ডেস্ক 























