আকাশ জাতীয় ডেস্ক :
লন্ডনে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া নাফিজুল হক শাকিলের বাবা ইন্তেকাল করেছেন। সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা ফজলুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন মরহুমের ছেলে মো. কামরান। তিনি বলেন, ‘আব্বা আর নাই ভাই। কিছুক্ষণ আগে (শনিবার রাতে) রাগিব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি মারা গেছেন।’
জানা গেছে, দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন শাকিলের বাবা ফজলুল হক। তার চিকিৎসাও চলছিল। গত ১৪ জানুয়ারি লন্ডনে বসবাসকারী ছেলে নাফিজুল হক শাকিল সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। খবর পেয়ে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের লোকজন তাকে পূর্ব লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ১৯ জানুয়ারি মৃত্যুবরণ করেন। এ সংবাদ বাংলাদেশে অবস্থানরত পরিবারের লোকজনকে জানানো হয়। ছেলের মৃত্যুর সংবাদ শুনে আবারও হৃদরোগ আক্রান্ত হন বাবা ফজলুল হক। দ্রুত তাকে সিলেট নগরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি শনিবার (৩১ জানুয়ারি) মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি ছিলেন ২ ছেলে ও ৩ মেয়ের জনক।
এদিকে, লন্ডনে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া নাফিজুল হক শাকিলের মরদেহ এখনো রয়েল লন্ডন হসপিটালের করোনার কোর্টে রয়েছে। সেখানে তার মরদেহের ময়নাতদন্ত হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানো হবে বলে দায়িত্বশীলরা জানিয়েছেন।
অপরদিকে, বাবা-ছেলের এমন মৃত্যুর সংবাদে পরিবারসহ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে লন্ডনের ডেলিভারি ড্রাইভারদের সর্ববৃহৎ সংগঠন ‘বেথনালগ্রীণ রাইডার গ্রুপ’ সহ বিভিন্ন সংগঠন ঘোষণা দিয়েছে।
বেথনালগ্রীণ রাইডার গ্রুপের এডমিন দেলোয়ার হোসাইন বলেন, ‘আমরা শাকিলের মর্মান্তিক মৃত্যুর সংবাদ শুনে বাকরুদ্ধ হই। আমাদের গ্রুপের মেম্বার ও শুভানুধ্যায়ীদের নিয়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেই। আমরা শিগগিরই শোকসন্তপ্ত পরিবারের কাছে আর্থিক অনুদান প্রেরণ করবো।’
তিনি সমাজের বিত্তবান সকলকেই এ পরিবারের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 

















