আকাশ জাতীয় ডেস্ক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী (পুর) তানভীর আহমদকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) দক্ষিণ সিটি করপোরেশন থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়। সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
বিবৃতিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ‘নাসিরাবাদ, দক্ষিণগাঁও, ডেমরা ও মান্ডা এলাকার সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প’ এর আওতায় ৭৫নম্বর ওয়ার্ডে লায়নহাটি সড়কে আবেদ মাস্টারের বাড়ি সংলগ্ন দেব দোলাইখালের উপর সেতুনির্মাণ কাজ সমাপ্ত হওয়ার আগেই ঠিকাদারকে সমুদয় বিল পরিশোধ করা হয়েছে মর্মে প্রকাশিত একটি সংবাদে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
এ প্রেক্ষাপটে ওই প্রকল্পের প্রকল্প পরিচালক এবং প্রকৌশল বিভাগ অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী (পুর) তানভীর আহমদকে ডিএসসিসি কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯ এর বিধি ৪ (ক), (খ), (ঘ) ও (ঙ) মতে যথাক্রমে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা ও চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্তকরণের সিদ্ধান্ত গৃহিত হয় এবং চাকরি বিধিমালার বিধি ৫৫ (১) মতে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 




















