আকাশ জাতীয় ডেস্ক:
টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় টিকা সংগ্রহ পদ্ধতিতে কোনো পরিবর্তনের ফলে হামের টিকা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়েছে কি না, সে বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও কারিগরি মূল্যায়নের ভিত্তিতে বিষয়টি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকারপ্রধান জানান, পর্যালোচনায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের গাফিলতি বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার সংসদে এ তথ্য জানান প্রধানমন্ত্রী। সংসদ নেতা সংসদে উপস্থিত না থাকলেও তার নির্ধারিত উত্তরটি সংসদ টেবিলে উপস্থাপন করা হয়। জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল লিখিত প্রশ্নে প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, সারাদেশে হামে আক্রান্ত হয়ে ইতোমধ্যে পাঁচ শতাধিক শিশু মৃত্যুবরণ করেছে। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। এই দুর্ভাগ্যজনক মৃত্যুর দায় কার এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার জন্য সরকার কী পদক্ষেপ নিয়েছে?
জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে হামের প্রাদুর্ভাব রোধে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাতীয় টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়ন করে আসছে। হামের প্রাদুর্ভাবের কারণ, বিস্তার এবং টিকাদান কার্যক্রমের ওপর বিভিন্ন নীতিগত ও পরিচালনাগত বিষয়ের প্রভাব নিয়মিতভাবে পর্যালোচনা ও মূল্যায়ন করা হয়।’
তারেক রহমান বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে সরকার ইতোমধ্যে টিকা সরবরাহ ব্যবস্থার ধারাবাহিকতা নিশ্চিতকরণ, টিকা মজুত ব্যবস্থাপনা জোরদারকরণ, রোগ নজরদারি কার্যক্রম সম্প্রসারণ, দ্রুত প্রাদুর্ভাব শনাক্তকরণ ও প্রতিক্রিয়া ব্যবস্থা শক্তিশালীকরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং জাতীয় ও আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে সমন্বয় আরও সুদৃঢ় করার উদ্যোগ নিয়েছে। এছাড়া, দেশে হামের টিকাদানের আওতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষার আওতায় আনতে বিশেষ টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে।’
দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজরুল ইসলামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লিখিত ‘সবার জন্য স্বাস্থ্য’ নীতির আলোকে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে।
মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে কর এবং জিডিপির অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে। একই সঙ্গে ২০৩৫ সালের মধ্যে কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীতকরণের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
কুমিল্লা-১০ আসনের সংসদ মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে দেশের সড়ক ও রেল যোগাযোগ উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পর্যাক্রক্রমে জাতীয় মহাসড়কগুলোতে এক্সপ্রেসওয়ে গ্রিড এবং সড়কের উপর চাপ কমানোর জন্য মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থা গড়ে তোলা; সব শ্রেণির মহাসড়কে ওভারলোড নিয়ন্ত্রণে এক্সেল লোড নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং স্মার্ট মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা। ঢাকার ওপর চাপ কমাতে রিং রোড এবং রেডিয়াল নেটওয়ার্ক তৈরি এবং যানজটপূর্ণ ইন্টারসেকশনগুলোতে প্রয়োজনীয় স্ট্রাকচার নির্মাণ করে নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ স্থাপন করা। নির্মাণাধীন ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সংযোগ স্থাপনের জন্য সম্ভাব্যতা সমীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশ বান্ধব যোগাযোগ নিশ্চিত করতে প্রধান প্রধান রুটসমূহে ইলেকট্রিক ট্র্যাকশন প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, রেলওয়ে সেবাকে পর্যায়ক্রমে প্রতিটি জেলা ও প্রধান শহরগুলোর দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।
পাবনা-৫ আসনের এমপি শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা ওয়াসা প্রায় ৬৫-৭০ শতাংশ পানি ভূগর্ভস্ত উৎস থেকে এবং বাকী ৩০-৩৫ শতাংশ পদ্মা, মেঘনা এবং শীতলক্ষ্যা নদী থেকে সংগ্রহ করা হচ্ছে। চট্টগ্রাম ওয়াসার মাধ্যমে সরবরাহ করা পানির প্রায় ৯২ শতাংশ নদী ও জলাধারের মতো ভূ-উপরিস্থ থেকে সংগ্রহ করা হয়। রাজশাহী ওয়াসার ২ শতাংশ ভূ-উপরিস্থ এবং ভূগর্ভস্থ ৯৮ শতাংশ পানি সরবরাহ। সিলেট ও ময়মনসিংহে তুলনামূলকভাবে পাহাড় ও নদীবেষ্টিত হওয়ায় এই এলাকাগুলোতে ভূ-উপরিস্থ পানির প্রাপ্র্যতা বেশি হলেও পানি দূষণ রোধ করে সুপেয় পানি সরবরাহের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে।
নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ের সেবা কেন্দ্রসমূহে মেডিকেল অফিসার এবং ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবাকেন্দ্রসমূহে বিভিন্ন ক্যাটাগরিতে ১৭ হাজার ৮৭০টি অনুমোদিত পদ রয়েছে। ৬ হাজার ৩৫৯টি শূন্য পদ রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















