আকাশ জাতীয় ডেস্ক:
মস্কোর কাছে রাশিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের অনুরোধ জানিয়েছে ঢাকা। সোমবার মস্কোতে বাংলাদেশ ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এমন অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, মস্কোতে বাংলাদেশ-রাশিয়া বৈঠকে বাণিজ্য, জ্বালানি, ব্রিকস ও রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা জোরদারের আলোচনা হয়েছে।
প্রসঙ্গত, রাশিয়ায় গিয়ে বাংলাদেশিরা রুশ-ইউক্রেন যুদ্ধে মস্কোর হয়ে অংশ নিয়ে বিপদে পড়েছে। এসব বাংলাদেশিদের ফেরত আনতে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। যেসব বাংলাদেশি ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছেন, তারা নিয়মতান্ত্রিক উপায়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাশিয়া গিয়েছেন। বেশিরভাগই রাশিয়ায় গিয়ে বড় অঙ্কের অর্থের লোভে পড়ে যুদ্ধে যোগ দিয়েছেন। পরবর্তী সময়ে বিপদে পড়ে জোর করে যুদ্ধে নিয়ে যাওয়ার দাবি তুলছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে সোমবার মস্কোতে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক, জাতিসংঘসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে সহযোগিতা এবং ভবিষ্যৎ অংশীদারিত্বের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে বর্তমানে মস্কো সফর করছেন খলিলুর রহমান। বৈঠকে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি দেওয়া প্রথমদিকের দেশগুলোর মধ্যে সোভিয়েত ইউনিয়ন অন্যতম ছিল। উভয় পররাষ্ট্রমন্ত্রী ২০২৭ সালে বাংলাদেশ ও রাশিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫৫ বছর পূর্তি উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।
বৈঠকে সের্গেই লাভরভ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও সম্প্রসারণ ও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান। এ সময় বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রী তার প্রার্থিতায় রাশিয়ার সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দুই নেতা শিল্প, বিদ্যুৎ ও জ্বালানি, কৃষি, গবেষণা ও প্রযুক্তি, সংস্কৃতি, শিক্ষা, পর্যটন, পরিবহন এবং প্রতিরক্ষা খাতে চলমান সহযোগিতা পর্যালোচনা করেন এবং এসব ক্ষেত্রে অংশীদারিত্ব আরও গভীর করার বিষয়ে একমত হন।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশের পণ্যের জন্য রাশিয়ার বাজারে শুল্কমুক্ত ও কোটামুক্ত (ডিএফকিউএফ) সুবিধা প্রদানের অনুরোধ জানান এবং বাংলাদেশি পণ্যের নিবন্ধন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।
পাশাপাশি বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কগুলোতে রাশিয়ার বিনিয়োগ কামনা করেন। বিশেষ করে হালকা ও ভারী প্রকৌশল শিল্প, খাদ্য ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, পেট্রোকেমিক্যাল, ইস্পাত শিল্প এবং তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
খলিলুর রহমান ইউরেশিয়ান ইকোনমিক কমিশনের (ইইসি) সঙ্গে বাংলাদেশের একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনে রাশিয়ার সহযোগিতা কামনা করেন। বর্তমানে রাশিয়া, বেলারুশ, আর্মেনিয়া, কাজাখস্তান ও কিরগিজস্তান ইইসির সদস্য। একই সঙ্গে তিনি ব্রিকস ও সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সদস্যপদ অর্জনের ক্ষেত্রে রাশিয়ার সমর্থন চান। জবাবে রুশ পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন হওয়ায় রাশিয়া সরকারকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিতীয় ইউনিটের কমিশনিং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে রাশিয়ার পূর্ণ সহযোগিতা কামনা করেন।
বৈঠকে বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিয়োগের বিষয়েও আলোচনা হয়। দুই দেশ নিরাপদ ও সুরক্ষিত কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে। পাশাপাশি মানবসম্পদ পুনঃনিয়োগ চুক্তিসহ বিভিন্ন ঝুলে থাকা সমঝোতা স্মারক ও চুক্তি দ্রুত সম্পন্ন করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
রাশিয়ায় আটকে পড়া কয়েকজন বাংলাদেশি নাগরিককে নিরাপদে দেশে ফেরানোর বিষয়টিও বৈঠকে উত্থাপন করেন খলিলুর রহমান। এ বিষয়ে রাশিয়া সরকারের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন সের্গেই লাভরভ।
এছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিয়ে আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। এ সমস্যার একটি টেকসই সমাধান খুঁজে বের করতে রাশিয়া সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান লাভরভ।
বৈঠক শেষে বাংলাদেশ সফরের জন্য রুশ পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান খলিলুর রহমান। পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের বিষয়ে ইতিবাচক সাড়া দেন সের্গেই লাভরভ।
আকাশ নিউজ ডেস্ক 


















